
গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সাংবাদিক সোহেল রানাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন সাংবাদিক সোহেল রানা।
এক প্রতিবাদলিপিতে সোহেল রানা বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, তিনি কখনো সংশ্লিষ্ট কোনো আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ছিলেন না এবং ওই পরিচয় ব্যবহারও করেননি।
প্রতিবাদলিপিতে সোহেল রানা জানান, বর্তমানে তিনি ঢাকা প্রেসক্লাবের নির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আশুলিয়া সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন।
‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ প্রসঙ্গে সোহেল রানা দাবি করেন, ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে তিনি বাধা দিয়েছেন, এমন অভিযোগও তিনি অস্বীকার করেছেন।
সোহেল রানা বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো তার পেশাগত ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা মহল যাতে অসত্য তথ্য প্রচার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে বা সংশ্লিষ্টদের দায় পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।